
চট্টগ্রামের বহিঃনোঙর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত ২২ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) রাসায়নিক সারের নকল মোড়ক ব্যবহার করে সার ও সিমেন্ট মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বহিঃনোঙর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
পরে সোমবার বিকেল ৫টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনটি কার্গো বোটে তল্লাশি করে। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, বিএডিসির নকল মোড়কে মোড়কজাত ২৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার, পাচারে ব্যবহৃত তিনটি কার্গো বোট এবং ২২ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট ও সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং জব্দ করা মালামাল ও নৌযানের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দাভিত্তিক ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।